
উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) নোটিশ পাঠিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চ থেকে এই নির্দেশ জারি করা হয়।
আদালতে জমা দেওয়া হিসাব অনুযায়ী, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ড খেলোয়াড়দের জন্য কলা কেনার খাতে খরচ দেখিয়েছে ৩৫ লাখ রুপি। শুধু তাই নয়, আরও নানা খাতে অস্বচ্ছ ব্যয়ের প্রমাণ পাওয়া গেছে। আবেদনকারীদের দাবি, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য রাজ্য সরকার যে ১২ কোটি রুপি বরাদ্দ করেছিল, তার বড় অংশই অপব্যবহার করা হয়েছে।
ইভেন্ট ম্যানেজমেন্টে খরচ দেখানো হয়েছে ৬.৪ কোটি রুপি। টুর্নামেন্ট ও ট্রায়াল সংক্রান্ত খাতে খরচ দেখানো হয়েছে ২৬.৩ কোটি রুপি, যা আগের বছরের তুলনায় চার কোটি বেশি।
অথচ খেলোয়াড়দের জন্য প্রতিশ্রুত সুবিধা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অভিযোগ দেহরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ একাধিক ব্যক্তি আদালতের সামনে উপস্থাপন করেন। আদালত বিষয়টি নথিভুক্ত করেছে এবং পরবর্তী শুনানির তারিখ আগামী শুক্রবার ধার্য করেছে।
উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংস্থার প্রাক্তন সহ-সভাপতি সুরেন্দ্র ভান্ডারির অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় প্রতিযোগিতা না রেখে মাত্র একটি সংস্থাকে সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, ভারতীয় বোর্ড প্রতি বছর যে অর্থ বরাদ্দ দেয়, তা এভাবে নয়ছয় করতে দেওয়া যায় না।
আরটিভি/এসকে/এস




