
ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলে শিরোপা ঘরে তুলেছিল চেলসি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো করতে পারেনি ইংলিশ জায়ান্টরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তারা। এতে উড়ন্ত শুরু পেয়েছে জার্মান জায়ান্টরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ডান দিক থেকে মাইকেল ওলিসের ক্রসে দায়ত উপামেকানোর চাপের মুখে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন চেলসির ট্রেভো শ্যালাবা।
২৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। তাকেই মোইসেস কাইসেদো ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। দুই মিনিট পরেই কোল পালমারের নৈপুণ্যে ব্যবধান কমায় চেলসি।
২৯ মিনিটে মাঝ মাঠ থেকে বল পায়ে এগিয়ে যান ইংলিশ মিডফিল্ডার। ডি বক্সে মালো গিস্তোকে বল বাড়িয়ে জায়গা করে নেন তিনি। কাট ব্যাকে বল ফিরে পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন পালমার। এতে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলই সুযোগ পায়, কিন্তু দুর্বল শটের জন্য কেউ গোল পাচ্ছিল না। তবে ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন কেইন। মাঝমাঠ থেকে ব্যাক পাস দিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে গড়বড় করে ফেলেন গিস্তো। বল পেয়ে যান অভিজ্ঞ ইংলিশ স্ট্রাইকার। ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন তিনি।
আরটিভি/এসআর




