
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে টাইগাররা। অন্যদিকে, ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার সামনে কঠিন পথ, তবে তারা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে পুনরায় সমতা ফেরানোর চেষ্টা করবে।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বাংলাদেশ প্রসঙ্গ টেনে আক্রমণাত্মক হলেও কৌশলগত মন্তব্য করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশের বিপক্ষে তারা বাজেভাবে হেরেছে। কিন্তু এখান থেকে ফিরে আসার সুযোগ এখনও আছে।
আসালঙ্কা বলেন, হ্যাঁ, আমরা সবাই জানি এই ম্যাচটা আমাদের জিততেই হবে। সুপার ফোরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আমরা বাজেভাবে হেরেছি। তবে সেই ম্যাচ ভুলে গিয়ে সামনের ম্যাচগুলোতে মন দিতে হবে। যদি পরের দুটি ম্যাচ জিততে পারি, আমরা সহজেই ফাইনালে পৌঁছাতে পারব।
তিনি আরও যোগ করেন, আবুধাবির উইকেট দুবাইয়ের চেয়ে খানিকটা শুষ্ক। এটি ব্যাটসম্যান এবং পেসারদের জন্য সুবিধাজনক হতে পারে, স্পিনারদের জন্য কম সুবিধাজনক। আশা করছি, পেসারদের জন্য ভালো সুযোগ থাকবে।
আসালঙ্কা মনে করেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার পেসাররা দুই ওভারে দুই উইকেট নিয়েছিল যা বিরল ঘটনা। তবে পরের ম্যাচে ভালো উইকেট পাওয়া গেলে এমন ফলাফলের আশা করা যায়।
শ্রীলঙ্কার দল আজ রাতেই পিচ রিপোর্ট পাবার পর তাদের কৌশল চূড়ান্ত করবে।
আরটিভি/এসকে




