
চলতি এশিয়া কাপ শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
প্রথমবারের মতো দেশের মাটিতে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করবেন শুভমান গিল। নিয়মিত সহঅধিনায়ক রিশভ পান্ত ইনজুরির কারণে স্কোয়াডে না থাকায় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা পেয়েছেন সহঅধিনায়কের দায়িত্ব। ইংল্যান্ড সফরে ব্যর্থতার জের ধরে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ার। চার টেস্টে মাত্র একটি অর্ধশতক করায় নির্বাচকদের আস্থায় থাকতে পারেননি তিনি। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি অভিমন্যু ঈশ্বরণেরও।
দুলীপ ট্রফি ও অস্ট্রেলিয়া ‘এ’-এর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার দেবদূত পাড়িক্কাল। তবে আঘাত থেকে পুরোপুরি সেরে না ওঠায় সরফরাজ খানকে দলে রাখা হয়নি।
ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে শঙ্কা থাকলেও দলে আছেন জসপ্রিত বুমরাহ। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। তবে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নেওয়া আকাশ দীপ জায়গা পাননি।
আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মাঠে নামবে ভারত। এরপর ২ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্টটি হবে ১০ অক্টোবর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শণ, দেবদূত পাড়িক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, এন. জগদেশান (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা।
আরটিভি/এসকে




