
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটের সহজ জয় নিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে আফগান ব্যাটাররা নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়েন এবং তাদের ইনিংস ১৪৩ রানে থামে।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ সাবলীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে। দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন সদ্য সমাপ্ত এশিয়া কাপে দারুণ ফর্মে থাকা সাইফ হাসান। ৩৮ বলে ৬৪ রানের হার না মানা ইনিংস খেলে তিনি দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন।
এশিয়া কাপের আগে আফগানিস্তানকে নিয়ে ক্রিকেট মহলে অনেক আলোচনা থাকলেও এখন দলের অবস্থান ভিন্ন। আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট সংবাদ সম্মেলনে স্বীকার করেন, এশিয়ার দ্বিতীয় সেরা দল, বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার সব আলোচনা সবসময় সঠিক হয় না। আমাদের আরও ভালো হতে হবে।
তিনি আরও যোগ করেন, আমি চাইব সেরা হতে, দ্বিতীয় সেরা নয়। তবে তার জন্য আমাদের আরও উন্নতি করতে হবে।
বাংলাদেশের বিপক্ষে দলের পারফরম্যান্সকে ‘হতাশাজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন ট্রট। তিনি মনে করেন, কন্ডিশন কোনো কারণ নয়। তারা ভালো ক্রিকেট খেলতে পারেননি। তবে দলের অধিনায়ক রশিদ খানের পারফরম্যান্সকে প্রশংসা করেছেন তিনি।
ট্রট বলেন, আন্তর্জাতিক যেকোনো দলই রশিদ খানের বিপক্ষে খেলার সময় চিন্তায় থাকে। সে দায়িত্ব নেয়, মাঠে অনেক এফোর্ট দেয় এবং তার পারফরম্যান্স বাকিদের অনুপ্রাণিত করে।
আগামী ৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আরটিভি/এসকে/এস




