
জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর যে ধাক্কা খেলেছিল বাংলাদেশ ফুটবল দল, সেই ক্ষত এখনো টাটকা। তবে হামজা দেওয়ান চৌধুরী ও অন্যান্য প্রবাসী তারকাদের আগমনে দর্শকদের মাঝে আবারও নতুন উচ্ছ্বাস ফিরেছে। আজ (বৃহস্পতিবার) এশিয়ান কাপ বাছাইপর্বে সেই উচ্ছ্বাসের পরীক্ষা দিতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হংকং চায়না।
রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যেই প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে যা প্রমাণ করে ফুটবলপ্রেমীরা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন হামজা-জামালদের জন্য।
এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২–১ গোলে হেরে যায় ক্যাবরেরার দল। দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে, তাদের পেছনে সমান পয়েন্টে ভারত।
অন্যদিকে হংকং চায়না ও সিঙ্গাপুর উভয়েরই রয়েছে ৪ পয়েন্ট। তাই আজ জয় ছাড়া অন্য কোনো ফল বাংলাদেশকে বড় বিপদে ফেলবে। আজ জিতলে ৪ পয়েন্টে দ্বিতীয় স্থানের লড়াইয়ে ফিরবে জামাল ভূঁইয়ার দল; ড্র করলে পয়েন্ট হবে ২, আর হারলে ১-এই থেকে যাবে।
ফিফা র্যাঙ্কিংয়ে হংকং চায়না বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে। দলে রয়েছে ৪ ব্রাজিলিয়ান প্রবাসী ফুটবলারসহ বেশ কিছু অভিজ্ঞ নাম। ইতিহাসও বাংলাদেশের পক্ষে নয় চারবার মুখোমুখিতে তিনটিতেই হেরেছে লাল-সবুজ, আর একটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।
চোটের কারণে তপু বর্মণ ও তারিক কাজীকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও হামজা দেওয়ান চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও সামিত সোমদের উপস্থিতি দলে এনেছে নতুন উদ্দীপনা। হোম ম্যাচ হওয়ায় দর্শক সমর্থনের বাড়তি সুবিধাও পাবে বাংলাদেশ।
বাংলাদেশ সর্বশেষ এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল ১৯৮০ সালে। তাই ৪৫ বছরের অপেক্ষা ভাঙতে আজকের ম্যাচটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধাপ।
সব মিলিয়ে আজকের ম্যাচ শুধু তিন পয়েন্টের লড়াই নয় এটি বাংলাদেশের ফুটবলের নতুন আশার প্রতীক। হামজা-জামালরা যদি মাঠে ছন্দ খুঁজে পান, তবে হংকংয়ের বিপক্ষে ইতিহাস বদলের সুযোগ রয়েছে আজই।
আরটিভি/এসকে




