১২ বছর পর বিশ্বকাপে ফিরেই দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করা নিগার সুলতানা জ্যোতির দল দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ লড়াই করেছিল। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। ম্যাচের মাঝপথে পেসার মারুফা আক্তারের ইনজুরি দলকে বড় ধাক্কা দেয়।
তবে আশার খবর ইনজুরির শঙ্কা কেটে গিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামছেন এই তরুণ পেসার। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট নেওয়ার পর মারুফা মাংসপেশির অস্বস্তিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র ক্রিকবাজকে জানিয়েছেন, কালকের ম্যাচের জন্য তিনি (মারুফা) প্রস্তুত। এখন তিনি পুরোপুরি ফিট এবং বোলিংয়ে কোনো অস্বস্তি নেই।
তিনি আরও জানান, ইংল্যান্ড ম্যাচের শেষদিকে মারুফা বোলিংয়ে ফিরতে চাইলেও টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নেয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। তিনি বলেন, আমরা যে ম্যাচ হেরেছি সেটা এখন অতীত। এখন মনোযোগ নিউজিল্যান্ড ম্যাচে। ব্যাট-বলে দলগতভাবে ভালো পারফর্ম করাই আমাদের লক্ষ্য।
নাহিদা আরও যোগ করেন, গত ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি, বিশেষ করে বোলিং ইউনিট দুর্দান্ত ছিল। ব্যাটাররাও চেষ্টা করছে, যদি আরও দু’একজন একটু ভালো করতে পারে, তাহলে স্কোর আরও লড়াইযোগ্য হবে।
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে নজর কাড়েন মারুফা। ইনসুইং ও ধারাবাহিক লাইন-লেংথে তিনি বিশ্ব ক্রিকেটে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন। ইংল্যান্ডের বিপক্ষেও তার বলের গতি ও নিখুঁত নিয়ন্ত্রণে ছিলেন আগের মতোই কার্যকর।
২০ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল পেসারকে ফিট অবস্থায় মাঠে পেতে মুখিয়ে আছে পুরো বাংলাদেশ দল।
আরটিভি/এসকে





