ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য ফেভারিট দল নিয়ে মত দিয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। তার চোখে ২০২৬ সালের বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। তবে নিজের দল ইংল্যান্ডকে তিনি দেখছেন ‘আন্ডারডগ’ হিসেবে।
বৃহস্পতিবার এক প্রীতি ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে টুখেলের শিষ্যরা। তবুও অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাসছেন না এই জার্মান কোচ।
টুখেল বলেন, বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট আমার চোখে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। আর নিজেদের ব্যাপারে বলব এটি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রথমে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে, তাই পুরো মনোযোগ সেদিকেই।
বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ইতোমধ্যেই লাতিন অঞ্চলের বাছাই থেকে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। ব্রাজিলও উত্তীর্ণ হয়েছে, যদিও কোচ কার্লো আনচেলত্তি এখনও সেরা কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছেন। অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেনও বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। আলবেনিয়া ও সার্বিয়া রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
ইংল্যান্ড সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। এরপর থেকে একাধিকবার শক্তিশালী দল গড়েও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। সেই ইতিহাস মাথায় রেখেই সতর্কতার সঙ্গে দলকে এগিয়ে নিতে চান টুখেল।
তিনি বলেন, আমরা বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই যাব, কারণ বহু বছর ধরে শিরোপা জিতিনি। সেখানে এমন দল থাকবে যারা একাধিকবার জিতেছে। তাই দলগতভাবে খেলতে পারলেই কেবল সুযোগ তৈরি হবে।
গত বছরের অক্টোবরে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন থমাস টুখেল। ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে থেমেছিল ইংল্যান্ড। এবার ২০২৬ সালের মেগা ইভেন্টকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে টুখেলের শিষ্যরা।
আরটিভি/এসকে




