
আগামী ১৯ অক্টোবর জাকার্তায় শুরু হতে যাওয়া বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি খেলোয়াড়দের অংশগ্রহণে বাধা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি ইসরায়েলি প্রতিযোগীদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েল জিমন্যাস্টিকস ফেডারেশন এই সিদ্ধান্তকে “আন্তর্জাতিক ক্রীড়া নীতি ও ন্যায়পরায়ণতার পরিপন্থী” বলে আখ্যায়িত করেছে এবং কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস)-এ আপিল করেছে। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় ইসলামিক সংগঠন ও জাকার্তা সিটি গভর্নমেন্টের আপত্তির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটি ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখে না।
নিষিদ্ধের কারণে অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী আরটেম ডলগোপিয়াসহ অন্যান্য ইসরায়েলি জিমন্যাস্ট এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না। ইসরায়েলি ফেডারেশন এই পদক্ষেপকে “ভয়ানক এবং আন্তর্জাতিক ক্রীড়ার সার্বভৌমত্বের জন্য গভীরভাবে চিন্তার উদ্রেককারী” হিসেবে উল্লেখ করেছে।
এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস দল দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়, এতে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে বন্দী করা হয়। পরে ইসরায়েলের প্রতিশোধী অভিযানে গাজায় ৬৭,০০০ এর বেশি মানুষ নিহত হয়।
এদিকে, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থায় ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন খ্যাতনামা ক্রীড়াবিদও সক্রিয় হয়েছেন। ইংল্যান্ডের মঈন আলী, ফরাসি পল পগবা, ব্রিটিশ ঘোড়দৌড়ের খাদিজা মেল্লা, চেলসির হাকিম জিয়েশ সহ আরও অনেকে উয়েফাকে চিঠি দিয়েছেন।
আরটিভি/এসকে




