দীর্ঘ ইনজুরি ও ধারাবাহিকতা হারানোর পরও নেইমারের জন্য এখনো আশা দেখছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তিনি জানিয়েছেন যদি নেইমার পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তবে জাতীয় দলে ফেরার দরজা তার জন্য খোলা রয়েছে।
রোববার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, যখন নেইমার ফিট থাকে, তখন সে বিশ্বের যেকোনো দলে জায়গা পাওয়ার মতো মান রাখে। শুধু ব্রাজিল নয়, সে যেকোনো দলের জন্যই পার্থক্য গড়ে দিতে পারে।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে মারাত্মক হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি নেইমার। প্রায় ২৩টি ম্যাচ পার হয়ে গেছে তার অনুপস্থিতিতে। সান্তোসে ফেরার পর কিছুটা ঝলক দেখালেও ধারাবাহিকতার অভাবে এখনো আনচেলত্তির প্রথম পছন্দ নন তিনি।
তবুও অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ জানালেন, নেইমারকে একেবারে বাতিল করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
এটা এখন পরীক্ষা-নিরীক্ষার সময়। বিশ্বকাপের আগে আমরা নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছি, তবে ফিট থাকলে নেইমার অবশ্যই বিবেচনায় থাকবে, বলেন আনচেলত্তি।
৭৯ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলে ফিরতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্যে আবারও আশার আলো দেখছেন ‘ভেরদে–আমারেলা’ সমর্থকরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাপানের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আনচেলত্তির দল।
নিজের লক্ষ্য নিয়েও স্পষ্ট তিনি ইতিহাস গড়তে চান ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করা প্রথম বিদেশি কোচ হিসেবে। জীবনে সব কিছুরই একটা প্রথমবার থাকে, বললেন আনচেলত্তি। ইঙ্গিত দিলেন নতুন ইতিহাস গড়ার।
আরটিভি/এসকে




