
নিজের ২৫তম জন্মদিন ঘটা করে উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। প্রতিবেশীদের শান্তি বিঘ্নিত করার অভিযোগে তার বিরুদ্ধে ব্রাজিলে মামলা করা হয়েছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দ এলাকার লাজেদো পার্টি হাউসে প্রায় ৫০০ অতিথিকে নিয়ে তিন দিনব্যাপী জন্মদিনের উৎসব আয়োজন করেন ভিনিসিয়ুস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা এবং ব্রাজিলের জনপ্রিয় পপ তারকা আনিত্তা।
উজ্জ্বল আলোকসজ্জা ও লাইভ পারফরম্যান্সে সাজানো সেই পার্টিতে গান পরিবেশন করেন মার্কিন র্যাপার ট্রাভিস স্কট। কিন্তু এই আয়োজনই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় প্রতিবেশীদের জন্য।
স্থানীয় বাসিন্দা আন্তোনিও জোসে দি সুজা অভিযোগ করেন, ১৯ থেকে ২১ জুলাইয়ের ভোর পর্যন্ত চলা পার্টিতে উচ্চস্বরে গান-বাজনা ও হইহুল্লোড়ে আশপাশের লোকজনের শান্তি নষ্ট হয়। এক পর্যায়ে বিষয়টি সামাল দিতে মিলিটারি পুলিশ ডাকা হয়। তারা সাউন্ড কমাতে বললেও কিছু সময় পরই আবার আগের মতোই উদযাপন শুরু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভিনিসিয়ুসের প্রেস অফিস জানিয়েছে, এখন পর্যন্ত তারা মামলার কোনো নোটিশ পাননি। তবে মামলাটি বর্তমানে ব্রাজিলের নবম বিশেষ আদালতে প্রক্রিয়াধীন। আগামী ৬ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
ব্রাজিলের আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে ভিনিসিয়ুসকে ১৫ দিন থেকে তিন মাসের কারাদণ্ড এবং ‘অন্যদের শান্তি বিঘ্নিত করায়’ জরিমানা গুনতে হতে পারে।
আরটিভি/এসকে




