
এএফসি এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দেবে কাবরেরার দল। এর আগে বাংলাদেশকে নিয়ে বার্তা দিয়েছেন ফুটবলার হামজা চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে কয়েকটি ছবি পোস্ট করেছেন হামজা।
ক্যাপশনে এই তারকা ফুটবলার লিখেছেন, আমরা যেমন আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম তেমনটা হয়নি। কিন্তু বরাবরের মতোই বাংলাদেশ এবং দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব গর্বিত। এই বিরতি থেকে অনেক ইতিবাচক বিষয় নেওয়ার আছে। নভেম্বরে দেখা হবে ইনশাআল্লাহ।
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। কলকাতাতে সেই ম্যাচটি ১-১ গোলে ড্র করে ফেরে লাল-সবুজের দল। সেই ম্যাচ দিয়েই দেশের জার্সিতে অভিষেক হয় হামজার।
এরপর বাংলাদেশের হয়ে আরও তিনটি ম্যাচে মাঠে নামেন এই প্রবাসী ফুটবলার। সবশেষ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট ভাগ করেছে বাংলাদেশ।
সম্প্রতি হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই ভালো ফুটবল উপহার দেয় ক্যাবরেরার শিষ্যরা। যদিও ঢাকায় হোম ম্যাচে হামজার দুর্দান্ত গোলে শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরে যায় বাংলাদেশ।
নভেম্বরে ভারতের পর ২০২৬ সালের মার্চে ফিরতি লেগে সিঙ্গাপুরের মাঠে খেলতে যাবে বাংলাদেশ। ভারতের মতো সিঙ্গাপুরের বিপক্ষে সে ম্যাচটিও কেবল আনুষ্ঠানিকতা। তবে বাছাইপর্ব থেকে বিদায় নিলেও, পরবর্তী দুটি ম্যাচেই জয় তুলে নিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।
আরটিভি/এসআর




