
লা লিগার শীর্ষে ওঠার লড়াইয়ে শনিবার (১৮ অক্টোবর) রাতে মাঠে নামছে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল জিরোনা। তবে এই ম্যাচে চোটে পড়া একঝাঁক তারকা ফুটবলারকে পাচ্ছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তাই ম্যাচটিকে তরুণ ও নতুনদের জন্য ‘বিশেষ সুযোগ’ হিসেবে দেখছেন নতুন কোচ।
ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে। জাতীয় দলের ব্যস্ততা শেষে এবার ক্লাব ফুটবলে ফিরেছে বড় দলগুলো। আবারও শুরু হয়েছে লা লিগার পয়েন্ট টেবিলে জায়গা করে নেওয়ার লড়াই।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয়, ১ ড্র ও ১ হারে মোট ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ আছে সামান্য ব্যবধানে উপরে। জিরোনার বিপক্ষে জিততে পারলে শীর্ষে ওঠার সুযোগ পাচ্ছে কাতালানরা। সেই সুযোগ কাজে লাগাতে চায় হ্যান্সি ফ্লিকের দল।
তবে চ্যালেঞ্জটা একদমই সহজ নয়। ইনজুরির কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনিয়া, রবার্ট লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, মার্ক আন্দ্রে টের স্টেগেন ও এরিক গার্সিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাচ্ছে না বার্সা। একরকম ইনজুরির হানায় হাসপাতাল পরিণত হয়েছে পুরো স্কোয়াড।
এই পরিস্থিতিতে তরুণ ও বেঞ্চের খেলোয়াড়দের দিকেই ভরসা রাখতে হচ্ছে ফ্লিককে। সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে কিছু নতুন মুখকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
এই বিষয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, আমাদের দলে বেশ কয়েকজন ইনজুরিতে আছে। তবে সেটা খুব বড় কোনো সমস্যা নয়। নতুনরা সুযোগ পাবে। তারা খুব একটা সময় পায় না ম্যাচ খেলতে। আমরা জিততে চাই, জয়ের জন্যই লড়ব।
গত কয়েক মৌসুম ধরে ইনজুরি ও স্কোয়াডের গভীরতা নিয়ে সমস্যায় পড়েছে বার্সেলোনা। তবে তরুণ প্রতিভাবান ফুটবলারদের ওপর আস্থা রেখে এই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করতে চায় দলটি।
আরটিভি/এসকে-টি




