
অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়লেন ভারতের অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাডিলেইডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটসম্যান এমন এক মাইলফলক স্পর্শ করেছেন, যা আগে কোনো ভারতীয় ব্যাটসম্যানের পক্ষেও সম্ভব হয়নি।
রোহিত শর্মা এখন অস্ট্রেলিয়ার মাটিতে ১,০০০-এর বেশি ওয়ানডে রান করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান। একই সঙ্গে তিনি হয়েছেন বিশ্বের পঞ্চম ক্রিকেটার, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। এই অর্জনে পিছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিকেও, যারা এই মাইলফলক ছুঁতে পারেননি।
রোহিতের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১,০০০ ওয়ানডে রানের ক্লাবে ছিলেন মাত্র চারজন ব্যাটার —
১. স্যার ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
২. ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ)
৩. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
৪. মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা)
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্ককে বাউন্ডারি মেরে নিজের ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন রোহিত।৭৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫৯তম অর্ধশতক পূর্ণ করেছেন। তার ইনিংসেই ভর করে দারুণ সূচনা পেয়েছে ভারতীয় দল।
ভারতের এই ‘হিটম্যান’-এর অসাধারণ ধারাবাহিকতা আবারও প্রমাণ করল সময় যতই পেরোক, ওয়ানডে ফরম্যাটে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন এখনও রোহিত শর্মাই।
আরটিভি/এসকে




