
মালদ্বীপকে হারিয়ে কাভা কাপ শুরু করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর নেপালকে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বাগতিকরা ৩-২ সেটে হারিয়ে দিয়েছে নেপালকে।
পাঁচ গেমে বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ১৬-২৫ ও ১৬-১৪। ম্যাচ সেরা হন বাংলাদেশের আল আমিন।
এর আগে, সকালে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-১ সেটে পরাজিত করে তুর্কমেনিস্তান। চার গেমে তুর্কমেনিস্তানের পয়েন্ট ছিল ২৫-২২, ২৫-১৬, ২০-২৫ ও ২৫-২০। ম্যাচ সেরা হন তুর্কমেনিস্তানের সেরদার আলদুরদীভ।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারায় আফগানিস্তান। আফগানরা ২৫-১৭, ২৫-২০ ও ২৫-১২ পয়েন্টে জয় তুলে নেয়। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মোহাম্মদ শাহ বাদুন।
আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিচ্ছে।
আরটিভি/এসআর




