
নারী ওয়ানডে বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তানের নারী ক্রিকেট দল। সাত ম্যাচে চারটিতে হেরেছে তারা, আর বাকি তিনটি ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যু নির্বাচনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকার কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।
চলমান নারী বিশ্বকাপে বৃষ্টির কারণে বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শুধু কলম্বোতেই ফলাফল আসেনি পাঁচটি ম্যাচে, যার মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার তিনটি করে ম্যাচও রয়েছে। এই অবস্থায় হতাশ ফাতিমা বলেন, আমার শুধু একটা কথাই মনে হচ্ছে এবারের আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। আমার মনে হয়, আইসিসির উচিত বিশ্বকাপের জন্য অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করি।
শুক্রবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় পাকিস্তান। কিন্তু সেটিও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দলের পারফরম্যান্স নিয়েও হতাশ ফাতিমা সানা বলেন, আমাদের দলের বোলিং ও ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল, তবে ব্যাটিং বিভাগে আমরা কিছুটা পিছিয়ে। যদিও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ভালো লড়াই করেছি, দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি।
সবচেয়ে কম বয়সে পাকিস্তানের অধিনায়কত্ব করা ফাতিমা আরও যোগ করেন, এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখেছি। বিশ্বকাপের আগে আমাদের খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। ভবিষ্যতে আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।
আরটিভি/এসকে-টি




