
দেশের ক্রিকেটে ফিক্সিংয়ের কালো ছায়া পড়েছে বহু আগেই। বিপিএল ও ডিপিএলে এরকম অভিযোগ প্রতিনিয়তই দেখা যায়। এবার এনসিএল টি-টোয়েন্টিতেও চোখ পড়েছে জুয়াড়িদের। সদ্য শেষ হওয়া এনসিএলের চ্যাম্পিয়ন (রংপুর) দলের ক্রিকেটার নাঈম ইসলামকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার সঙ্গে সঙ্গে অবহিত করেন টিম ম্যানেজার তারেক আহমেদ রুবেনকে। আর রুবেন ড্রেসিংরুমে থাকা দুর্নীতি দমন বিভাগ- এসিইউর কর্মকর্তাকে অবহিত করেন।
সম্প্রতি দেশের ক্রিকেটভিত্তিক বেসরকারি একটি গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, বার্তাপ্রেরকের নম্বর ছিল যুক্তরাজ্যের, পরিচয় দেখিয়েছে ভারতীয় অমিত এমজেঠিয়া। যার ছদ্মনাম ‘ডেভিল’। মূলত ম্যাচের মাঝখানে ১ ওভার ফিক্সিং করার জন্যই কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি।
নাঈমের বিচক্ষণতা ও সততাকে আইসিসি ও বিসিবির দুর্নীতি দমন বিভাগের কার্যক্রমের সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। সেই সাথে চলছে তদন্ত। সেক্ষেত্রে নেওয়া হচ্ছে আইসিসির দুর্নীতি দমন বিভাগের সহায়তাও।
নাঈমের তাৎক্ষনিক বুদ্ধিদীপ্ত উদ্যোগে এ যাত্রায় জুয়াড়িরা সফল হতে পারেনি। তবে এনসিএল টি-টোয়েন্টির মতো অপেক্ষাকৃত ছোট পরিসরের ঘরোয়া টুর্নামেন্টে জুয়াড়িদের নজরদারি কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে দেশের ক্রিকেট অঙ্গনকে।
আরটিভি/এসআর




