ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকে আর্থিক পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার (২৯ অক্টোবর) সকালে ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই দলের হাতে চেক হস্তান্তর করেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
গত ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নেয় আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। সেই ঐতিহাসিক অর্জনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দেন নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার, যা আজ তাদের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে, একই মাসে চীনের দাহজুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপ হকির নারী বিভাগে প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী হকি দল। তাদের জন্য ঘোষিত ২১ লাখ টাকাও বুধবার বিতরণ করা হয়।
এশিয়ান কাপ বাছাই পর্বে নারী ফুটবল দলের ২৩ জন খেলোয়াড় ও ৮ জন কোচিং স্টাফসহ মোট ৩১ জনের মাঝে ৫০ লাখ টাকা বণ্টন করা হয়েছে। অনূর্ধ্ব–১৮ হকি দলে খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও ফিজিওসহ ২১ জনের প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে নারী ফুটবল দল পেয়েছিল এক কোটি টাকার পুরস্কার, যা তখনও ঘোষণা ও পরিশোধ করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়াঙ্গনে অর্জিত সাফল্যের দ্রুত স্বীকৃতি ও প্রণোদনা প্রদানে সক্রিয় ভূমিকা রাখছেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, অনূর্ধ্ব-২১ হকি দল, নারী সাফ চ্যাম্পিয়ন ও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলও এর আগে পেয়েছে আর্থিক পুরস্কার।
তবে বাফুফের ঘোষিত পুরস্কারের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। নারী সাফ চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকার বোনাস দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এক বছর পার হয়ে গেছে, এখনো ফুটবলাররা সেই অর্থ পাননি। এমনকি এশিয়ান কাপ বাছাইয়ে ঐতিহাসিক যোগ্যতা অর্জনের পরও বাফুফে থেকে কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়নি শুধু হাতিরঝিলে এক বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েই সীমিত ছিল আয়োজন।
আরটিভি/এসকে




