উয়েফা নিশ্চিত করেছে, ২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখে। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। শুক্রবার (৩১ অক্টোবর) উয়েফার প্রকাশিত তালিকায় ২০২৮ সালের একমাত্র আয়োজক হিসেবে আলিয়াঞ্জ অ্যারেনার নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০২৪-২৫ মৌসুমেও ফাইনাল আয়োজন করেছিল মিউনিখ। আধুনিক সুযোগ-সুবিধা ও উচ্চমানের অবকাঠামোর কারণে আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে তারা।
এদিকে, ২০২৯ সালের ফাইনালের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ইংল্যান্ডের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম ও স্পেনের বার্সেলোনার সংস্কারাধীন ক্যাম্প ন্যু। আগামী বছরের সেপ্টেম্বরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে উয়েফা।
বর্তমানে সংস্কারাধীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামটির কাজ শেষ হলে এর ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক, যা একে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়ামে পরিণত করবে। যদিও বার্সেলোনা এখনো সেখানে কোনো ম্যাচ খেলছে না, তবে আগামী শুক্রবার সমর্থকদের জন্য নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে ক্লাবটি।
এছাড়া, ২০২৭ সালের ফাইনালের ভেন্যু হিসেবে ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়াম। উয়েফার প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০৩০ সালের আগে নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগের কোনো ফাইনাল অনুষ্ঠিত হবে না। শেষবার ১৯৯৯ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছিল ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনাল।
আরটিভি/এসকে
