
দীর্ঘ তিন মাসের পুনর্বাসন শেষে দারুণভাবেই ট্র্যাকে ফিরেছেন বাংলাদেশের শীর্ষ মোটরস্পোর্টস রেসার অভিক আনোয়ার। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গালফ প্রো কার সিরিজ এর সিজন ওপেনারে রেনল্ট ক্লিও কাপ শ্রেণিতে অংশ নিয়ে রাউন্ড–১ এর দুইটি রেসেই জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।
গত জুলাইয়ে মালয়েশিয়ায় এক প্রতিযোগিতায় দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন অভিক। সেই ধাক্কা কাটিয়ে ফের ট্র্যাকে ফিরে দারুণ পারফরম্যান্সে আলো ছড়ালেন তিনি।
ফর্মুলা-১-এর অফিসিয়াল সার্কিটে আয়োজিত এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, রাশিয়া ও ভারতের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে উভয় রেসেই প্রথম হন অভিক। ৫.২ কিলোমিটার দৈর্ঘ্যের এই সার্কিটে এটি ছিল তার ১৬তম জয়। সর্বশেষ এই অর্জনের মাধ্যমে তার মোট ট্রফির সংখ্যা দাঁড়াল ৮৮টি।
অর্জনের পর অভিক আনোয়ার বলেন, আজকের অর্জিত ট্রফিগুলোর মধ্যে একটি আমি উৎসর্গ করছি আমার দেশবাসীর প্রতি, যারা রাজনৈতিক অস্থিরতার কঠিন সময় পার করছেন। আরেকটি ট্রফি উৎসর্গ করছি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি যারা একদিন দেশকে এগিয়ে নেবে, স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবে।
চোটের ধকল কাটিয়ে এমন জয়ে আবারও প্রমাণ করলেন বাংলাদেশের মোটরস্পোর্টসে পথপ্রদর্শক হিসেবে এখনও তিনি অপ্রতিরোধ্য।
আরটিভি/এসকে




