
এল ক্লাসিকোতে হারের পর নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে শনিবার (২ নভেম্বর) রাতে লা লিগায় এলচেকে ৩-১ গোলে পরাজিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েছে হান্সি ফ্লিকের দল।
এই জয়ে ১১ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ফিরে এসেছে বার্সেলোনা। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। নবম মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় বার্সেলোনা। এটি ছিল দুই মাস পর তরুণ তারকার ঘরোয়া লিগে প্রথম গোল। মাত্র দুই মিনিট পরই ফারমিন লোপেজের নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।
প্রথমার্ধের শেষ মুহূর্তে রাফা মির এলচের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে বার্সা। ৫৫তম মিনিটে মার্কাস রাশফোর্ডের চোখধাঁধানো শটে ব্যবধান ৩-১ করেন ফ্লিকের শিষ্যরা।
৭৪তম মিনিটে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন রবার্ট লেভানদোভস্কি, কিছুক্ষণ আগে নামেন দানি ওলমোও। যদিও ফেরার ম্যাচে তারা গোল না পেলেও দুজনের প্রত্যাবর্তন কোচ ফ্লিকের জন্য বড় স্বস্তি।
আসন্ন চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এবার ইউরোপের মঞ্চে নামবে বার্সেলোনা। বুধবার (৫ নভেম্বর) ক্লাব ব্রুজের মাঠে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা, যেখানে জয় পেলে ইউরোপিয়ান অঙ্গনেও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে কাতালানদের সামনে।
আরটিভি/এসকে




