
নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত। রোববার (২ নভেম্বর) নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় নারী দল।
এই বিশ্বকাপ জয় উপলক্ষে ভারত পেয়েছে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। এই পুরস্কার ২০২২ সালের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়নের প্রাপ্তি থেকে প্রায় ২৩৯ শতাংশ বেশি, এবং ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার পুরস্কারের থেকেও বেশিই।
আইসিসি এই বিশ্বকাপে মোট ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছিল, যা পুরুষদের ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ১০ মিলিয়ন ডলারের পুরস্কারের চেয়ে অনেক বেশি।
ফাইনালে হেরে রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৫ কোটি টাকা)। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার, আর পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলো পেয়েছে ৭ লাখ ডলার করে।
বাংলাদেশ নারী দল লিগ পর্বে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ছিল এবং তাই পেয়েছে ২ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে এক জয় থেকে অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার অর্জন করেছে তারা। সব মিলিয়ে বাংলাদেশ নারী দল এই বিশ্বকাপ থেকে মোট পেয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
এভাবেই নারী ওয়ানডে বিশ্বকাপটি ক্রমশই আরও বড় হচ্ছে, যেখানে পুরস্কারের পরিমাণ পুরুষদের টুর্নামেন্টের থেকেও অনেকাংশে বেড়ে যাচ্ছে, যা ক্রিকেটে নারীদের গুরুত্ব বৃদ্ধির এক সুস্পষ্ট প্রতিফলন।
আরটিভি/এসকে




