ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে ব্রাজিল। প্রতিপক্ষ হন্ডুরাসকে নিয়ে যেন ছেলেখেলা করল সেলেসাও যুবারা। মঙ্গলবার (৪ নভেম্বর) দোহার অ্যাসপায়ার জোনের বদর বেলাল মাঠে অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে ৭-০ ব্যবধানে জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই জুনিয়র দল।
ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড ডেল। এছাড়া একটি করে গোল করেন রুয়ান পাবলো, ফিলিপে মোরাইস, ভিটোর হুগো, অ্যাঞ্জেলো ও গ্যাব্রিয়েল মেক। পুরো ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণভাগে আধিপত্য দেখায় নেইমারের উত্তরসূরিরা।
তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে অবস্থান করছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তাদের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার (৭ নভেম্বর) ইন্দোনেশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে।
ম্যাচ শেষে ব্রাজিলের ফরোয়ার্ড রুয়ান পাবলো বলেন, জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়াবে। আমি ভালো খেলেছি এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে সাহায্য করেছে। আমার প্রথম গোল করতে পেরে খুব আনন্দিত।
তিনি আরও যোগ করেন, আমাদের দল খুব ঐক্যবদ্ধ এবং লক্ষ্য একটাই বিশ্বকাপের শিরোপা জয় করা। আমরা এক পরিবার, সবাই একসঙ্গে লড়ছি। এখন মনোযোগ ইন্দোনেশিয়ার ম্যাচে, যেখানে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
আরটিভি/এসকে




