
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টায় মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বাংলাদেশ দল নামছে প্রায় অপরিবর্তিত একাদশ নিয়ে।
হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচের তুলনায় বড় কোনো পরিবর্তন আনেননি দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দীর্ঘ ভ্রমণ শেষে দেশে ফেরা কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোমকে বিশ্রাম দেওয়া হয়েছে, ফলে তিনি শুরুর একাদশে নেই। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ অধিনায়ক জামাল ভূঁইয়া।
কোচ ক্যাবরেরা গোলবারে আস্থা রেখেছেন মিতুলের ওপর। সেন্ট্রাল ডিফেন্সে থাকছেন তারিক কাজী ও তপু বর্মণ। ফুলব্যাক হিসেবে খেলবেন সাদ উদ্দিন ও জায়ান আহমেদ যিনি হংকং ম্যাচে দারুণ পারফরম্যান্সে কোচের আস্থা অর্জন করেছেন। বিতর্ক থাকা সত্ত্বেও সাদ উদ্দিনের ওপরও ভরসা রেখেছেন কোচ।
মিডফিল্ডে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে থাকছেন হামজা চৌধুরী ও দুই সোহেল রানা। ইনজুরিতে থাকা শেখ মোরসালিনের পরিবর্তে দলে কিউবা মিচেলকে নেওয়ার আলোচনা থাকলেও, তাকে একাদশে রাখা হয়নি।
আক্রমণভাগে নেতৃত্ব দেবেন দুই তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
গোলকিপার: মিতুল মারমা।
রক্ষণভাগ: সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ।
মধ্যমাঠ: জামাল ভূইয়া, হামজা চৌধুরী সোহেল রানা ও সোহেল রানা সিনিয়র।
আক্রমণভাগ: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।
আরটিভি/এসকে




