শেষ সময়ে গোল খেয়ে জয়বঞ্চিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ১০:১৯ পিএম


শেষ সময়ে গোল খেয়ে জয়বঞ্চিত বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় হাভিয়ের ক্যাবরেরার দল। হামজা দেওয়ান চৌধুরীর জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের।

বিজ্ঞাপন

নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ছিল বাংলাদেশ ২, নেপাল ১। চতুর্থ রেফারি সায়মন সানি দেখান ৫ মিনিট অতিরিক্ত সময়। সেই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটেই কর্নার থেকে অনন্ত তামাংয়ের ফ্লিকে গোল করে সমতা ফেরায় নেপাল। ফলে আবারও ইনজুরি সময়ের গোলে জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে এগিয়ে যায় নেপাল। ম্যাচের ৩২ মিনিটে বাঁ প্রান্ত থেকে আক্রমণ গড়ে তোলে সফরকারীরা। সাদ উদ্দিন ও সোহেল রানা ঠিকভাবে মার্কিং করতে না পারায় রোহিত চাদের নেওয়া জোরালো শটে পরাস্ত হন গোলরক্ষক মিতুল মারমা। ফলে প্রথমার্ধ শেষ হয় নেপালের ১-০ লিডে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ হাভিয়ের ক্যাবরেরা সোহেল রানার পরিবর্তে সামিত সোমকে নামান। ম্যাচের ৪৬তম মিনিটেই অধিনায়ক জামালের ক্রসে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করেন হামজা চৌধুরী। তিন মিনিট পর বক্সে ফাউলের শিকার হন রাকিব হোসেন, পেনাল্টি থেকে আবারও গোল করেন হামজা এতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপরও ম্যাচের নিয়ন্ত্রণে ছিল স্বাগতিকরা। তবে ৮০ মিনিটে চোটের কারণে হামজাকে তুলে নেন কোচ। তার পরপরই বাংলাদেশ কিছুটা গতি হারায়, যা কাজে লাগায় নেপাল। ইনজুরি সময়ের কর্নার থেকে গোল করে সমতায় ফেরে তারা।

বিজ্ঞাপন

শেষ সময়ে গোল হজম করে জয় বা পয়েন্ট হারানো বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। গত ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে একইভাবে ইনজুরি টাইমে গোল খেয়ে ম্যাচ হেরেছিল লাল-সবুজেরা। প্রায় এক মাস পর প্রীতি ম্যাচেও সেই হতাশার পুনরাবৃত্তি।

আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবেই আজ নেপালের বিপক্ষে খেলেছে জামালরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজকের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে কিউবা মিচেলের। তাকে ৮০ মিনিটে হামজার পরিবর্তে নামান কোচ। ম্যাচে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ছয়টি পরিবর্তন করে, যার মধ্যে জায়ান ও হামজার হালকা চোটের খবর পাওয়া গেছে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি গোল করেছেন হামজা দেওয়ান চৌধুরী। আজকের জোড়া গোল আবারও প্রমাণ করল, মধ্যমাঠে যেমন শক্তি, তেমনি আক্রমণেও দারুণ কার্যকারিতা দেখাচ্ছেন এই প্রবাসী তারকা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission