
সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ৪৭ রান এবং ইনিংস ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচে ২৮৬ বলে ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়। তারপরও হতাশ এই বাংলাদেশি ওপেনার।
টেস্টের দ্বিতীয় দিন ১৬৯ রানে অপরাজিত ছিলেন জয়। ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও তৃতীয় দিন ফেরেন ২৮৬ বলে ১৭১ রানে। তাই ‘ডাবল সেঞ্চুরি’ না করতে পারার আক্ষেপ ২৪ বছর বয়সী ব্যাটারের।
শুক্রবার (১৪ নভেম্বর) ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জয় বলেন, ডাবল সেঞ্চুরি করতে না পারায় একটু হতাশ লাগছে, তবে শেষ পর্যন্ত ভালোই খেলেছি। সব মিলিয়ে খুশি। মুশফিক ভাইয়ের ১০০তম টেস্ট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। এই উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, নিজের পরিকল্পনা সহজ রাখারই চেষ্টা করেছি।
সবশেষ দুই বছর আগে টেস্ট ফিফটি করেছিলেন জয়। সেঞ্চুরির বিরতিটা আরও বেশি- ৪২ মাসের! স্পষ্টই, লাল বলে একদমই ছন্দে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে দল থেকেও বাদ পড়েন।
তবে ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের কল্যাণে আবারও জাতীয় দলে ফেরেন। প্রয়োজন ছিল প্রত্যাবর্তনের জন্য একটি বড় ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট সে কাজটি সারলেন অসাধারণ এক সেঞ্চুরিতে।
মিরপুরে আগামী বুধবার থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট। জয়-সাদমানরা পরের টেস্ট নিশ্চয় রানে রাঙাতে চাইবেন।
আরটিভি/এসআর




