
ভারতের ক্রিকেট অঙ্গনে নতুন বিস্ময়ের নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে তাক লাগিয়েছেন এই তরুণ ব্যাটার। শুক্রবার কাতারের দোহায় ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৪২ বলেই ১৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
মাত্র ১৪ বছর ২৩২ দিন বয়সে দলীয় প্রতিনিধিত্ব করে সেঞ্চুরি হাঁকানোর মাধ্যমে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন সূর্যবংশী।
তার ইনিংসটি ছিল চার-ছক্কার আতঙ্ক যেখানে ছিল ১১টি চার ও ১৫টি ছক্কা। স্ট্রাইকরেট দাঁড়ায় চমকপ্রদ ৩৪২.৮৫। ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ঋষভ পান্তের সঙ্গে যৌথভাবে অবস্থান নেন। পাশাপাশি তার ১৪৪ রান ভারতের হয়ে টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
শেষদিকে অধিনায়ক জিতেশ শর্মাও ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ৩২ বলে ৮৩ রান করে দলের স্কোরকে আরও শক্তিশালী করেন। সব মিলিয়ে নির্ধারিত ওভারে ভারত ‘এ’ দল ৪ উইকেটে বিশাল ২৯৭ রান তোলে যা রাইজিং স্টারস এশিয়া কাপে নতুন মাত্রা যোগ করেছে।
বৈভব সূর্যবংশীর এই বিস্ফোরক ইনিংস ভারতের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য এক অনন্য বার্তা বহন করে ১৪ বছরেই যখন এমন ঝড়, সামনে ক্রিকেট দুনিয়া আরও বড় কিছু দেখবে বলেই আশা।
আরটিভি/এসকে




