
সরকার দেশের তরুণদের আত্মরক্ষার কৌশল শেখাতে প্রায় ২৭ কোটি ৮২ লাখ টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক তিন বছর মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান–বিকেএসপি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটির পর্যালোচনা শেষে গত ১৩ অক্টোবর প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–অধীন এই প্রকল্পটি চলবে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। পুরো ব্যয়ই বহন করবে বাংলাদেশ সরকার।
প্রকল্পের মাধ্যমে ৮,৮৫০ জন তরুণ-তরুণীকে মৌলিক আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৮,২৫০ জন তরুণ, ৬০০ জন তরুণী।
প্রশিক্ষণ আয়োজন করা হবে বিকেএসপির সাভার কেন্দ্রসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রে। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ নেবেন ঢাকা বা দিনাজপুর কেন্দ্র থেকে। দেশের ৬৪ জেলার তরুণরা এতে অংশ নিতে পারবেন।
মোট প্রকল্প ব্যয়ের মধ্যে—
.১৬ কোটি ৫১ লাখ টাকা: প্রশিক্ষণ কার্যক্রম, উপকরণ ও অংশগ্রহণকারীদের সহায়তায়
.৭ কোটি ৮ লাখ টাকা: ক্রীড়া ও প্রশিক্ষণ সরঞ্জাম কেনায়
.২ কোটি ১৭ লাখ টাকা: আসবাবপত্রের জন্য
.৬৭ লাখ ২২ হাজার টাকা: ডরমিটরি সংস্কারে
.৪৪ লাখ ৩ হাজার টাকা: যন্ত্রপাতি–সরঞ্জামে
.৪২ লাখ ৪৫ হাজার টাকা: যানবাহন ভাড়ায়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক শক্তি বাড়ানোই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। পাশাপাশি আকস্মিক বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল রপ্ত করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের তরুণ প্রজন্মকে আত্মরক্ষায় দক্ষ করে তুলতে সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এসকে




