নারী কাবাডি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৫:১৬ পিএম


নারী কাবাডি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
নারী কাবাডি বিশ্বকাপ।ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। আসন্ন সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে কেন্দ্র করে শনিবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী কাবাডি দলের তালিকা প্রকাশ করেছে কাবাডি ফেডারেশন।

বিজ্ঞাপন

দল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না অধিনায়ক বা কোচ ফলে দলের প্রস্তুতি, পরিকল্পনা বা লক্ষ্যের বিষয়ে গণমাধ্যম তেমন কিছু জানতে পারেনি। এ অবস্থায় ব্যাখ্যা দিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, দল বর্তমানে বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত থাকায় কাউকে নিয়ে আসা সম্ভব হয়নি।

রবিবার(১৬ নভেম্বর) টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হবে যমুনা নদীতে। বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ১১ দেশের অধিনায়কদের সঙ্গে নিয়ে আয়োজনটি হবে বলে জানানো হয়। সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে আয়োজিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই আমরা বিশেষ আয়োজন করছি। 

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্টের আকর্ষণে কিছুটা ধাক্কা লেগেছে আর্জেন্টিনার না আসায়। আগে জানানো হয়েছিল ১৪টি দেশ অংশ নেবে, তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ১১টি দেশের কথা। জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশন সাধারণ সম্পাদক। পোল্যান্ড স্ট্যান্ডবাই তালিকা থেকে এসে অংশ নিচ্ছে, তবে পাকিস্তান আসছে না।

তিনি জানান, আমরা স্থানীয় আবাসন ও যাতায়াত প্রদান করব। বিদেশি দলগুলোর আগমন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের তত্ত্বাবধানে হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দাপট দেখিয়েছে। তবে আম্পায়ারিং নিয়ে বিভিন্ন সময়ে প্রতিপক্ষ অভিযোগ তুলেছে। বিশ্বকাপের নিরপেক্ষতা প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের ১২ জনসহ আন্তর্জাতিক কয়েকজন আম্পায়ার থাকবেন। ভারতের আম্পায়ারিং মান ভালো, সেখান থেকেও বেশ কয়েকজন যোগ দিচ্ছেন।

বর্তমানে কাবাডি র‍্যাংকিংয়ে বাংলাদেশ নারীরা রয়েছে পঞ্চম স্থানে। সেমিফাইনালে উঠলেই নিশ্চিত ব্রোঞ্জ এ কারণে পদকের আশা উঁচু রেখেই তৈরি হয়েছে দল। আগামীকাল অনুষ্ঠিত হবে গ্রুপিং ড্র।

বিজ্ঞাপন

ইরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডিতে পদক জেতার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশ আত্মবিশ্বাসী, আর ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় প্রত্যাশা আরও বাড়ছে।

আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশ দল- শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার,স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র),আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

কোচ- শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান। 
 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission