
এক মিনিটের অসাবধানতা বদলে দিলো প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাসের জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বপ্ন। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও, পাসপোর্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে শেষমেশ জাতীয় দলের সফরই বাতিল করতে হলো কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এর এই খেলোয়াড়কে।
ঘটনার সূত্রপাত এক সাধারণ ভুল থেকে। ব্যবহৃত ট্রাউজারের ভেতরে পাসপোর্ট রেখে দেওয়া তারপর তা ভুলে ওয়াশিং মেশিনে ধোয়া। কুবাসের বাবা ফ্রান্সিস্কো কুবাস প্যারাগুয়ের এবিসি টিভিকে জানান, সে পুরো ঘটনা গুলিয়ে ফেলেছিল। পাসপোর্টটা পকেটে রেখেছিল আর যে মেয়ে কাপড় ধোয় সে-ও খেয়াল করেনি। ধোয়ার পর সব নষ্ট হয়ে যায়। এটা নিয়ে সেও খুব বিরক্ত।
২০১৯ সাল থেকে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য কুবাস দ্রুত নতুন পাসপোর্ট তৈরি করলেও আরেক জটিলতায় আটকে যায় যাত্রা ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগায় নির্ধারিত সময়ে কানাডা ছাড়তে পারেননি তিনি।
এদিকে কুবাসকে ছাড়াই প্যারাগুয়ে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২–১ গোলে হারলেও, দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে মেক্সিকোকে হারাতে সক্ষম হয়। কিন্তু দুই ম্যাচই দূর থেকে দেখতে হয়েছে কুবাসকে। যা তার জন্য তীব্র হতাশার এক অভিজ্ঞতা।
সুযোগ হাতের মুঠোয় এসেও হারিয়ে গেল কাগজের একটি পাতার কারণে,যা আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচিতে কুবাসের জন্য এক বড় ধাক্কাই বলা যায়।
আরটিভি/এসকে




