রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১২:৪২ এএম


রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে সুপার ওভারে হারিয়েছে পাকিস্তান। ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচ টাই করেও শেষ রক্ষা হলো না। সুপার ওভারের লটারিতে হেরে আবারও পাকিস্তানের কাছে শিরোপা খোয়ালো বাংলাদেশ ‘এ’ দল।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) দোহার ফাইনালে নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১২৫) হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হয় বাংলাদেশ। আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে মাত্র ৬ রানের পুঁজি পায় আকবর আলীর দল। জবাবে পাকিস্তান শাহিনস মাত্র ৪ বলেই জয়ের বন্দরে পৌঁছে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে।

সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে ১ রান এলেও দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলে ওয়াইড থেকে ৫ রান আসে। তৃতীয় বৈধ বলে জিসান আলম বোল্ড হলে মাত্র ৬ রানেই থামে বাংলাদেশ। ৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রিপন মণ্ডলের করা ওভারে ৪ বলেই খেলা শেষ করে দেয় পাকিস্তান।

বিজ্ঞাপন

এর আগে, ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জিসান (৬) ও সোহান (২৬) ভালো শুরু এনে দিলেও ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খেই হারায় দল। জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন ফাইনালে ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির আলী রাব্বিও (৮) ব্যর্থ হলে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন

শেষ ২ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে পাকিস্তানি বোলার শহীদ আজিজের ওপর চড়াও হয়ে তিনটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তুলে ম্যাচ জমিয়ে দেন সাকলাইন ও রিপন। শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়। সাকলাইন ১৬ ও রিপন ১১ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি।

বিজ্ঞাপন

বোলারদের দাপটে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১২৫ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাকলাইনের দুর্দান্ত থ্রোতে রানআউট হন ইয়াসির খান। এরপর রিপন মণ্ডল (৩ উইকেট) ও রাকিবুল হাসানের (২ উইকেট) তোপে বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। সাদ মাসুদের ৩৮ রান তাদের ১২৫ পর্যন্ত নিয়ে যায়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission