ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে বিশ্ব হকির অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু নিজেদের অভিষেক ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারেনি তারা।
শনিবার (২৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম।
প্রথম কোয়ার্টারে তারা ১ গোলে পিছিয়ে থেকে সমতা এনেছিল। এর আগে প্রথম মিনিটেই অস্ট্রেলিয়াকে লিড এনে দেন উইল অলিভার। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করে সমতা আনেন।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল হজম করে। পক্ষান্তরে কোনো গোল দিতে পারেনি। ১-৪ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে দুই দল।
তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ আবার লড়াইয়ে ফেরে। ৪২ মিনিটে আমিরুল আরেকটি গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-২। অস্ট্রেলিয়া কিছুটা চাপের মুখে পড়ে।
চতুর্থ কোয়ার্টারের তিন মিনিটে অস্ট্রেলিয়া আরেকটি গোল করলে বাংলাদেশ ২-৫ গোলে পিছিয়ে পড়ার পাশাপাশি হারের দিকে ধাবিত হয়। ৫৮ মিনিটে আমিরুল আরেকটি গোল করলে নিজের হ্যাটট্রিক ও বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমিয়ে ৩-৫ করেন।
আরটিভি/এসআর




