আগামী বছর অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। যেখানে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। এই আসরের সেরাটা দিতে মেজর লিগ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ফার্নান্দো সিগনোরিনি।
সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাজ করা সিগনোরিনি মতে, মেজর লিগ সকারে খেলে মেসির ধার নষ্ট হচ্ছে।
সাবেক ট্রেইনার বললেন, আগামী আসরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। আর এজন্য পরিবারকে নিয়ে কিছুদিন ছুটিতে যেতে ও ইন্টার মায়ামি থেকে অল্প সময়ের ধারে অন্য ক্লাবে খেলতে পরামর্শ দিয়েছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের কিংবদন্তি সাবেক ফিটনেস কোচ সুপার দেপোর্তিভো রেডিওকে বলেছেন, ‘লিওর উচিত বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া। সে এখন (ইন্টার মায়ামিতে) যেখানে খেলছে, সেটা ফুটবল নয়, ফুটবলের প্যারোডি।’
তিনি বলেন, বিশ্বকাপের তিন মাস আগে, তার উচিত অন্তত এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজেকে প্রাণবন্ত করার জন্য। তারপর মাঠে না থাকায় যে ক্ষুধা তৈরি হবে, সেটা নিয়ে ফিরে আসুক। মূলকথা, তাকে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে হবে। আর হ্যাঁ, সে যেন প্রথম মিনিট থেকে প্রতি ম্যাচে খেলার কথা চিন্তা না করে।’
এদিকে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, বিশ্বকাপ মিশনে তিনি দলের বোঝা হতে চান না। কেবল শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলেই বিশ্বমঞ্চে জাদু দেখাবেন।
আরটিভি/এসআর




