আগামী বছর মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এর আগে আগামীকাল অনুষ্ঠিত হবে ফুটবল মহাযজ্ঞের গ্রুপ পর্বের ড্র। এর আগে বিশ্বকাপ নিয়ে বার্তা দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক লিওনেল মেসি।
শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে এই জমকালো শো অনুষ্ঠিত হবে। কোটি দর্শক সরাসরি উপভোগ করবেন আয়োজনটি।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, জাতীয় দল আবারও বিশ্বকাপে চেষ্টা করবে, সবটুকু দেবে, লড়বে। কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন এক প্রতিযোগিতা। যে কোনো দল আপনাকে বিপদে ফেলতে পারে। পোস্টে লাগে, ঢুকে যায়—আপনার টুর্নামেন্ট শেষ। পেনাল্টিতে হারলেও শেষ…।
কাতারে জেতা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে আলবিসেলেস্তে অধিনায়কের আত্মবিশ্বাস যেমন আছে, তেমনই আছে সতর্কতার সুর।
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচের উদাহরণ টেনে মেসি বলেন, ওই দুই ম্যাচে আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টিতে। এরপর তো আমাদের ছিল দিবু (এমিলিয়ানো মার্টিনেজ)। যে আমাদের জিতিয়েছে। কিন্তু পেনাল্টিতে গেলে জেতার নিশ্চয়তা থাকে না। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন মেসি। কারণ, বয়স বাড়লেও মেসিকে নিয়েই বিশ্বকাপের বিমানে উঠতে চান কোচ লিওনেল স্ক্যালোনি।
আরটিভি/এসআর




