২০২৬ ফিফা বিশ্বকাপের ড্রয়ের ঠিক আগে আসরের ফেভারিট দলগুলোর নাম জানালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে আশ্চর্যের বিষয় মেসির তালিকায় নেই ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের পথে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক ফুটবলের প্রায় সব শিরোপাই জিতেছেন মেসি। বিপরীতে রোনালদো এখনও অপেক্ষায় বিশ্বকাপ ট্রফির। ২০২৬ সালের আসরেই সেই স্বপ্ন বাস্তবায়নের সর্বশেষ চেষ্টা করবেন তিনি।
এরমধ্যেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠান ঘনিয়ে এসেছে। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ড্রয়ের আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন তার ফেভারিটদের তালিকা।
মেসির ভাষায়,আমার দৃষ্টিতে, কিছু দারুণ দল আছে যারা বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে—তারা হলো ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানি এবং ব্রাজিল।
এই তালিকায় নেই ফিফা র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা রোনালদোর পর্তুগাল। তবে নিজের দেশকে অন্তর্ভুক্ত না করলেও, আর্জেন্টিনার শক্তি নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
মেসি আরও বলেন, আমাদের প্রতিযোগিতা থেমে যাচ্ছে না, এটি নিশ্চিত।
ড্র অনুষ্ঠানের অপেক্ষায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ইন্টার মায়ামিও প্রস্তুতি নিচ্ছে এমএলএস কাপ ফাইনালের জন্য।
ফেভারিটদের নিয়ে মেসির এই মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে ফুটবলের দুই মহাতারকা—মেসি ও রোনালদোর দীর্ঘদিনের দ্বৈরথকে।
আরটিভি/এসকে



