আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের এখনও ৬ মাস বাকি থাকলেও ইতোমধ্যে দর্শকদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। গতকাল অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। এরপরই নিজেদের পছন্দের দল নিয়ে অংক কষতে শুরু করেছে ফুটবলভক্তরা।
আসন্ন বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই গ্রুপে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। এই গ্রুপের সেরা দুই দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। যেখানে সবচেয়ে এগিয়েছে ব্রাজিল ও মরক্কো। বড় কোনো অঘটন না ঘটলে এই দুই দলই দ্বিতীয় রাউন্ডে যাবে।
গ্রুপ পর্বে মরক্কোকে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান কোচ আনচেলত্তি। তার ভাষ্য, তিনটি ম্যাচেই আমাদের জিততে হবে। মরক্কো গ্রুপের সবচেয়ে কঠিন দল, তবে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। শুরুটা ভালো করতে পারলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস তৈরি হবে।
গ্রুপ পর্ব পার করলেও দ্বিতীয় রাউন্ডে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। কারণ, দ্বিতীয় রাউন্ডের তাদের খেলতে হবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ দলের সঙ্গে। ‘এফ’ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া ও আলবেনিয়া/পোল্যান্ড/সুইডেন ও ইউক্রেনের মধ্যে একজন।
এই গ্রুপে সবচেয়ে ফেভারিট হলো নেদারল্যান্ডস। গত বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল তারা। এবারও কঠিন লড়াইয়ের আভাস দিচ্ছে তারা। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডারের দৌড়ে এগিয়ে রয়েছে এশিয়ার দেশ জাপান।
গত মাসেই ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়েছে তারা। ফলে দ্বিতীয় রাউন্ডারে জাপানকে পেলে কঠিন পরীক্ষা দিতে হবে।
ফলে ব্রাজিল ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে আর জাপান ‘এফ’ গ্রুপের রানার্স হলে যুক্তরাষ্ট্রের হাউসটনে বিশ্বকাপের ৭৬তম ম্যাচে মাঠে নামবে দুই দল। অন্যদিকে ব্রাজিল রার্নাস আপ এবং নেদারল্যান্ডস গ্রুপ চ্যাম্পিয়ন হলে ৭৫তম ম্যাচে এস্টাডিও স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
এমনটি হলে আবারও ইউরোপের দ্রুত গতির ফুটবল নীতির কাছে পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। যদিও এবার ইউরোপের সেরা কোচ আনচেলত্তিকে ডাগআউটে ভিড়িয়েছে তারা। এখনও গ্রুপ পর্বে কেমন করে সেটাই দেখার অপেক্ষা।
ব্রাজিলের গ্রুপ সি–এর সূচি
১৩ জুন – ব্রাজিল বনাম মরক্কো (বোস্টন বা নিউ জার্সি; চূড়ান্ত ভেন্যু জানাবে ফিফা)
১৯ জুন – ব্রাজিল বনাম হাইতি (বোস্টন বা ফিলাডেলফিয়া)
২৪ জুন – ব্রাজিল বনাম স্কটল্যান্ড (মায়ামি বা আটলান্টা)
দ্বিতীয় রাউন্ডের ব্রাজিলের সম্ভাব্য সূচি ও প্রতিপক্ষ
৩০ জুন – ব্রাজিল বনাম জাপান (গ্রুপ পর্বে ব্রাজিল চ্যাম্পিয়ন হলে ও জাপান রানার্স আপ হলে)
৩০ জুন – ব্রাজিল বনাম নেদারল্যান্ডস (গ্রুপ পর্বে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হলে ও ব্রাজিল রানার্স আপ হলে)
আরটিভি/এসআর





