
২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সাহসী ও ব্যতিক্রমী এক ভবিষ্যদ্বাণী করে ক্রীড়াঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন টেনিস দুনিয়ার জীবন্ত কিংবদন্তি নোভাক জোকোভিচ। তাঁর দাবি পরবর্তী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও মেক্সিকো, আর শিরোপা জিতবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।
আবুধাবিতে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স চলাকালে জর্ডানিয়ান কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আদনানের সঙ্গে আলাপচারিতায় জোকোভিচ এই চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেন। সার্বিয়ান তারকা বলেন,আমি একটু ঝুঁকি নিয়েই বলছি ফাইনাল খেলবে পর্তুগাল ও মেক্সিকো, আর শিরোপা জিতবে পর্তুগাল।
তিনি আরও যোগ করেন, ইচ্ছাকৃতভাবেই সাহসী অনুমান করতেই এমন ভবিষ্যদ্বাণী করেছেন।
গ্রুপ পর্যালোচনা,২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। মেক্সিকো ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘পাথ ডি’ থেকে আসা দল (চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/ডেনমার্ক/উত্তর মেসিডোনিয়া)।
পর্তুগাল ‘কে’ গ্রুপে প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ‘এ’ থেকে ঠাঁই পাওয়া দল (নিউ ক্যালেডোনিয়া/জ্যামাইকা/কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র)।
টেনিস কোর্টে রেকর্ডের পর রেকর্ড গড়া জোকোভিচ সাধারণত ফুটবলের মতো অন্য খেলায় মন্তব্য করেন না। তাই বিশ্বকাপ নিয়ে তাঁর সাহসী ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সময়ই বলে দেবে জোকোভিচের এই সাহসী ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা, নাকি তা কেবলই রোমাঞ্চ বাড়ানোর আড্ডাবাজ মন্তব্যে সীমাবদ্ধ থাকে।
আরটিভি/এসকে




