
নতুন জীবনের সূচনা করলেন বাংলাদেশ নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। সম্প্রতি খুলনায় একটি সংক্ষিপ্ত আয়োজনের মধ্যে দিয়ে তিনি বিয়ে সম্পন্ন করেছেন। রুমানার জীবনসঙ্গীর নাম আল মামুন। যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মহাপরিচালকের পদে কর্মরত।
রুমানা জানান, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল অনুষ্ঠান হয়েছে খুলনার টাইগার গার্ডেনে।
রুমানা আরও বললেন, নতুন জীবন, একটা অদ্ভুত অনুভূতিই হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত ৫০টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুমানা। সেই সাথে ২০১৮ সালের এশিয়া কাপ জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন।
রুমানার নতুন জীবনকে শুভকামনা জানিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত জীবনে উজ্জ্বল সফলতা অর্জন করবেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার।
আরটিভি/এসকে




