
হেড লাইন দেখে ইতোমধ্যে হয়তো মনে পড়ে গেছে একটি জনপ্রিয় বিজ্ঞাপনের কথা। আবার কেউ কেউ হয়তো ভাবছেন সরফরাজের সঙ্গে এই বিজ্ঞাপনের কি সম্পর্ক রয়েছে। অবাক হওয়া কিছু নেই, ‘দামে কম মানে ভালো’ কাকলি ফার্নিচারের এই জনপ্রিয় বিজ্ঞাপনটি এবার আসলেই মিলে গেছে এই ভারতীয় ক্রিকেটাররে সঙ্গে।
সদ্য শেষ হওয়া আইপিএলের মিনি নিলামে মাত্র ৭৫ লাখ টাকায় সরফরাজ খানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যেখানে কার্তিক শর্মার মতো অনভিজ্ঞ ক্রিকেটারের পেছনে দলটি খরচ করেছে ১৪ কোটি ২০ লাখ রুপি। সেখানে সরফরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে মাত্র ৭৫ লাখ রুপিতে দলে নিয়ে কাকলি ফার্নিচারের বিজ্ঞাপনকেও হার মানিয়ে দিয়েছে চেন্নাই।
আইপিএলের নিলামের কয়েকদিন আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২২ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন সরফরাজ। তারপরও আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মন জয় করতে পারেননি এই ডান হাতি ব্যাটার। প্রথম ডাকে অবিক্রিত থাকার পর শেষ দিকে ৭৫ লাখ রুপি চেন্নাই তাকে দলে নিয়েছে।
টাকার অঙ্কটা খুব কম হলেও চেন্নাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কারণ, তার কাছে আইপিএল খেলাটায় এখন স্বপ্নের মতো। এর আগে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন এই ডান হাতি ব্যাটার।
তবে সম্প্রতি ফিটনেস ইস্যুতে সাদা বলে সুযোগ পাচ্ছিলেন না। লাল বলেও খেলেছেন প্রায় ১ বছর আগে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। এমন অবস্থায় আইপিএলের দল পাওয়াটাই চ্যালেঞ্জ ছিল তার জন্য। ফিটনেস নিয়ে কাজ করার পর এবার আইপিএলের নিজেকে আরও একবার প্রমাণ করতে চাইবেন তিনি।
আরটিভি/এসআর




