এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন হোল্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০১:৪৯ পিএম


এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন হোল্ডার
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। ২০২৫ সালে আন্তর্জাতিক ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে সংক্ষিপ্ত সংস্করণে তিনি শিকার করেছেন ৯৭টি উইকেট।

বিজ্ঞাপন

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন হোল্ডার। সোমবার দলটির হয়ে ২৪ রানে ২ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি এই কীর্তিতে পৌঁছান।

২০২৫ সালে হোল্ডার খেলেছেন মোট ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ। এসব ম্যাচে তার বোলিং গড় ২১.৪২ এবং ইকোনমি রেট ৮.৩০। এই সময়ে ছয় ম্যাচে চার উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে তার। এর মধ্যে উল্লেখযোগ্য বোলিং পারফরম্যান্স ছিল সিপিএলে বার্বাডোজ রয়্যালসের হয়ে ১৪ রানে ৪ উইকেট।

বিজ্ঞাপন

এর আগে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছিল আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের দখলে। ২০১৮ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে তিনি নিয়েছিলেন ৯৬ উইকেট, যেখানে তার ইকোনমি রেট ছিল ৬.৩৫। টি-টোয়েন্টির ইতিহাসে এক বছরে ৯০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে কেবল এই দুজনেরই।

পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে ৮০-এর বেশি উইকেট নেওয়ার নজিরও বিরল। হোল্ডার ছাড়া এই তালিকায় আছেন কেবল তার স্বদেশি ডোয়াইন ব্রাভো। ২০১৬ সালে ব্রাভো ৭১ ইনিংসে ৮৭ উইকেট নিয়েছিলেন ২৪.৪৭ গড়ে।

বিজ্ঞাপন

২০২৫ সালে হোল্ডার খেলেছেন মোট ছয়টি দলের হয়ে। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি তিনি প্রতিনিধিত্ব করেছেন আবুধাবি নাইট রাইডার্স, ইসলামাবাদ ইউনাইটেড, খুলনা টাইগার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন হোল্ডার। চলতি বছরে টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৮৪৬ রান। তার গড় ২৪.১৭ হলেও স্ট্রাইকরেট ১৫৯.৯২, যা তার ক্যারিয়ারে এক বছরের সেরা ব্যাটিং পরিসংখ্যান। ২০২৫ সালের আগে, দুইয়ের বেশি ইনিংস খেলা কোনো বছরেই তার স্ট্রাইকরেট ১৪৫-এর বেশি ছিল না।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকার

জেসন হোল্ডার – ৯৭ (২০২৫)
রশিদ খান – ৯৬ (২০১৮)
ডোয়াইন ব্রাভো – ৮৭ (২০১৬)
নূর আহমদ – ৮৫ (২০২৫)
রশিদ খান – ৮১ (২০২২)
রশিদ খান – ৮০ (২০১৭)
ইমরান তাহির – ৭৯ (২০১৯)
আকিল হোসেন – ৭৯ (২০২৪)
নাভিন-উল-হক – ৭৮ (২০২৪)

আরও পড়ুন


আন্দ্রে রাসেল – ৭৬ (২০১৬)।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission