
লাখ লাখ মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঠিক দুপুর ২ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খালেদা জিয়ার গায়েবানা জানাজা।
এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গায়েবানা জানাজা অংশ নেন বিসিবি কর্মকর্তা, দেশের ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে গত ৩০ ডিসেম্বরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দুটি ম্যাচ স্থগিত করা হয়।
এ ছাড়াও গতকাল এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত।

বিসিবি স্মরণ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়, যা আজকের সাফল্যের পথ সুগম করেছে।
বিসিবি জানিয়েছে, এই শোকাবহ সময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।
আরটিভি/এসআর




