
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইংলিশ কোচ টবি র্যাডফোর্ড। তবে সিলেট পর্ব শেষ হওয়ার পরই বাংলাদেশ ছেড়েছেন তিনি। ঢাকায় অবস্থানকালেই বড় সুখবর পেয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ—আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাডফোর্ড।
বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে দলটি। লিগ পর্বে আরও দুটি ম্যাচ বাকি থাকলেও প্লে-অফের আশা আগেই শেষ হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটির। টবি র্যাডফোর্ডের বিদায়ের পর ঢাকা ক্যাপিটালসের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গোলাম মর্তুজাকে।
এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জানুয়ারির শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ওই সিরিজ থেকেই আফগান দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন টবি র্যাডফোর্ড। তিনি আফগান শিবিরে যোগ দিচ্ছেন অ্যান্ড্রু প্যাট্টিকের স্থলাভিষিক্ত হয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে টবি র্যাডফোর্ডের পরিচিতি বেশ সমৃদ্ধ। প্রথম শ্রেণির ক্রিকেটে মিডলসেক্স ও সাসেক্সের হয়ে কোচিং করিয়েছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের লেভেল-৪ কোচিং সার্টিফিকেটধারী এই কোচ ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গেও দীর্ঘদিন কাজ করেছেন।
২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের কোচিং স্টাফে ছিলেন র্যাডফোর্ড। পরে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়েও কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ইংলিশ কোচ। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স সেন্টারে ব্যাটিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
আরটিভি/এসকে




