
নারী ফুটবল লিগের অঘোষিত ফাইনালে ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল রাজশাহী স্টারস। শনিবার(২৪ জানুয়ারি) বিকেলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে দুই দলের হয়েই মাঠে নেমেছিলেন জাতীয় দলের একঝাঁক তারকা। টানটান উত্তেজনার এই লড়াইয়ে প্রথমার্ধেই জয়সূচক একমাত্র গোলটি করেন রাজশাহীর আলপি আক্তার। এই জয়ের ফলে সাত ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো রাজশাহী স্টারস।
ম্যাচটি ছিল মূলত জাতীয় দলের তারকাদের একে অপরের মুখোমুখি হওয়ার লড়াই। রাজশাহীর জার্সিতে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার ও সেরা তারকা ঋতুপর্ণা চাকমা। অন্যদিকে ফরাশগঞ্জের হয়ে লড়েছেন মারিয়া মান্দা, মনিকা চাকমা ও তহুরা খাতুনের মতো শক্তিশালী ফুটবলাররা। সমানে সমান লড়াই হলেও ফিনিশিংয়ের দক্ষতায় শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় রাজশাহী। এক ম্যাচ বেশি খেলে সেনাবাহিনীর পয়েন্ট ২১ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রাজশাহী এখন লিগের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে।
এই ম্যাচের অন্যতম বড় চমক ছিল ফরাশগঞ্জের ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের ছন্দপতন। লিগের গত টানা ছয় ম্যাচেই গোল করা এবং পাঁচটিতেই ম্যাচ সেরা হওয়া এই ফুটবলার আজ জাল খুঁজে পাননি। তার গোলহীন থাকার দিনে দলও প্রথম হারের স্বাদ পেল। ১৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা ফরাশগঞ্জের জন্য শিরোপার লড়াই এখন অনেকটাই কঠিন হয়ে পড়ল। মাঠের প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উন্মাদনা ম্যাচটিকে আন্তর্জাতিক মানের ঘরোয়া ফুটবলের আমেজ দিয়েছে।
আরটিভি/এআর


