লা লিগার শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা। কাতালান ডার্বিতে জিরোনার মাঠে ২-১ গোলে হেরে দুই পয়েন্ট পিছিয়ে রইল তারা। ফলে ২৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা, আর ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
শুরুর দিকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। চোট কাটিয়ে একাদশে ফেরা রাফিনা ছিলেন দারুণ সক্রিয়। তার পাস থেকে সুযোগ পান লামিনে ইয়ামাল। তবে বাঁকানো শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
জিরোনাও পাল্টা আক্রমণে হুমকি দেয়। ভিক্টর সিগানকভ এর ফ্রি কিক বারের ওপর দিয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে ডেলি ব্লাইন্ডের ফাউলে পেনাল্টি পায় বার্সা। কিন্তু স্পট কিক থেকে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বিরতির পর ৫৯ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। জুলেস কুন্দের ক্রস থেকে তরুণ ডিফেন্ডার কুবার্সি হেড করে বল জালে পাঠান। তবে দুই মিনিটের মধ্যেই সমতা ফেরায় জিরোনা। ভানাতের বাড়ানো বল সহজেই জালে ঠেলে দেন লেমার। এরপর চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়া একাধিক সেভ করে দলকে রক্ষা করেন।
৮৬ মিনিটে জয়সূচক গোল পায় জিরোনা। নিচু কোনাকুনি শটে বল জালে পাঠান বেলত্রান। গোলের আগে ফাউলের দাবি তুললেও তা আমলে নেননি রেফারি। শেষ দিকে রবার্ট লেভানডোভস্কির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অতিরিক্ত সময়ে জোয়েল রোকা লাল কার্ড দেখলেও ১০ জনের দল নিয়েই জয় ধরে রাখে জিরোনা।
এর আগে কোপা দেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর টানা দ্বিতীয় পরাজয় দেখল বার্সা। শিরোপা দৌড়ে এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ।
আরটিভি/এসকে




