মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ইরান বিশ্বকাপে অংশ নেবে এমন দৃঢ় অবস্থান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেক্সিকোর একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেছেন, আমরা চাই ইরান খেলুক এবং তারা বিশ্বকাপে খেলবে। আমাদের কাছে ‘প্ল্যান এ’ ছাড়া আর কোনো বিকল্প নেই।
ইনফান্তিনো আরও বলেছেন, ইরান দল যেন সবচেয়ে ভালো পরিস্থিতির মধ্যে এই টুর্নামেন্টে অংশ নিতে পারে তা নিশ্চিত করতে হবে। কারণ দলটি শুধু ইরানে বসবাসরত সাধারণ মানুষ নয়, বিদেশে থাকা ইরানিদেরকেও প্রতিনিধিত্ব করে। ফিফা কোনো ম্যাচ মেক্সিকোতে সরানোর কথা ভাবছে না।
তিনি স্বীকার করেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল , তবে ইরান খেলায় যোগ্যতার ভিত্তিতে বিশ্বকাপে জায়গা করেছে।
সূচি অনুযায়ী, ইরান লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে, এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে। দলটির বেস ক্যাম্প হিসেবে নির্ধারিত হয়েছে অ্যারিজোনার টুসান।
আরটিভি/এসকে



