ট্রফি ছাড়া আরও একটি মৌসুম শেষ করার পথে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। মাঠে পারফরম্যান্সের খরার উত্তাপ ছড়িয়ে পড়েছে ড্রেসিং রুমেও। পরিস্থিতি এতটাই খারাপ যে ফেদরিকো ভালভের্দে ও চুয়ামেনির হাতাহাতির খবর প্রকাশ্যে এসেছে।
গত বৃহস্পতিবার অনুশীলনের পর সতীর্থ চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় ভালভের্দে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
প্রতিবেদন অনুযায়ী, উরুগুইয়ান এই মিডফিল্ডারের মুখে আঘাত লাগে এবং সেলাই নিতে হয়েছে। তাকে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সের কাছের হাসপাতালে নিয়ে যান রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বুধবারের অনুশীলনে দুই ফুটবলারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা চলতে থাকে বৃহস্পতিবারও। অনুশীলনের সময় ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রথম এই খবর প্রকাশ করা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভালভের্দে মুখের কাটা দাগ সরাসরি ঘুসির কারণে হয়নি; ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত। এদিকে ঘটনার বিষয়ে রিয়াল মাদ্রিদ কিংবা দুই খেলোয়াড়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
স্প্যানিশ মিডিয়ার তথ্যমতে, বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে চুয়ামেনির সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান ভালভের্দে। পরে অনুশীলনে তাকে ফাউলও করেন তিনি। এরপর ড্রেসিংরুমে দুজনের মধ্যে হাতাহাতির সময় এই চোট লাগে বলে জানা গেছে।
আগামী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ১১ পয়েন্ট এগিয়ে আছে এবং এই ম্যাচে না হারলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা।
আরটিভি/এসআর



