গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১২:৪৭ পিএম


গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম
গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম। ছবি: সংগৃহীত

২০২৩ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে ক্লিন শিট বা গোল না খাওয়ার পরিসংখ্যানে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে তালিকার ৪৩তম স্থানে।

পরিসংখ্যানভিত্তিক এক বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা ৩৯টি ম্যাচের মধ্যে ২৮টিতে কোনো গোল হজম করেনি, যা শতকরা ৭১.৮ শতাংশ সফলতা। এই সময়ে দলটি মোট ১৪টি গোল হজম করেছে, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ০.৩৬ গোল।

২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা রক্ষণভাগে ধারাবাহিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বলে বিশ্লেষকদের মত।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। আফ্রিকার এই দলটি ৫৮ ম্যাচের মধ্যে ৩৭টিতে ক্লিন শিট পেয়েছে, যা ৬৩.৮ শতাংশ। এরপর শীর্ষ পাঁচে রয়েছে সেনেগাল (৫৯%), জাপান (৫৫.৮%) এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (৫৫.৬%)।

অন্যদিকে ব্রাজিল ৩৭ ম্যাচে মাত্র ১১টিতে ক্লিন শিট রাখতে পেরেছে, যা ২৯.৭ শতাংশ। এই সময়ে দলটি ৪২টি গোল হজম করেছে, ম্যাচপ্রতি গড়ে ১.১৭ গোল। ফলে তালিকায় তাদের অবস্থান নেমে গেছে ৪৩তম স্থানে।

আরও পড়ুন

ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোর অবস্থানও শীর্ষ দশের বাইরে। ফ্রান্স ৪০ ম্যাচে ১৮টি, স্পেন ৩৮ ম্যাচে ১৮টি এবং পর্তুগাল ৪৯ ম্যাচে ২৩টি ক্লিন শিট পেয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ সামনে রেখে এই পরিসংখ্যান দলগুলোর রক্ষণভাগের শক্তি ও দুর্বলতার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission