কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০১:৩২ পিএম


কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক, পরিসংখ্যানবিদ ও গবেষকদের ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেও তেমনই এক আলোচনার জন্ম দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ ও গবেষক জোয়াকিম ক্লেমেন্ট।

২০১৪ সাল থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা ক্লেমেন্ট এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার মডেল অনুযায়ী, আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচে জাপানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হবে সেলেসাওদের।

গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান অর্জন করে নকআউটে ওঠা ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে হাজিমে মোরিয়াসুর জাপান। ক্লেমেন্টের পূর্বাভাস বলছে, কঠিন এই লড়াইয়ে জয় তুলে নেবে এশিয়ার দলটি।

ক্লেমেন্ট তার পূর্বাভাস তৈরিতে একটি বিশেষ গাণিতিক মডেল ব্যবহার করেন। যেখানে শুধু ফুটবলীয় পরিসংখ্যান নয়, বরং বিভিন্ন দেশের মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং আবহাওয়ার তাপমাত্রার মতো অর্থনৈতিক ও সামাজিক সূচকও বিবেচনায় নেওয়া হয়। এসব তথ্য বিশ্লেষণ করেই তিনি বিভিন্ন দলের সাফল্যের সম্ভাবনা নির্ধারণ করেন।

গত ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে ক্লেমেন্ট পূর্বাভাস দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস।

তবে তার সব পূর্বাভাস যে শতভাগ নির্ভুল, এমনটি বলা যাচ্ছে না। নকআউট সূচি চূড়ান্ত হওয়ার পরই তার কয়েকটি হিসাব ভুল প্রমাণিত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন। কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করায় সেই ম্যাচ আর হচ্ছে না। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউটে ওঠার সম্ভাবনাও তার মডেলের সঙ্গে মেলেনি।

তবে এখন পর্যন্ত তার পূর্বাভাসের সঙ্গে মিল থাকা সম্ভাব্য দুটি নকআউট ম্যাচ হলো ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো।

আরও পড়ুন

যদিও ক্লেমেন্টের পূর্বাভাস ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে, শেষ পর্যন্ত মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে কোন দল এগিয়ে যাবে আর কার বিশ্বকাপ যাত্রা শেষ হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission