বিশ্বকাপে এবার অন্যতম চমক দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনহা। দুর্দান্ত সব সেভে নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেড়েছে তার জনপ্রিয়তা। এবার তার সামনে আরও বড় পরীক্ষা আর্জেন্টিনা এবং লিওনেল মেসি।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দুই গোলকিপারের পারফরম্যান্স বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ এবং টুর্নামেন্টের নতুন সেনসেশন ভোজিনহা।
গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি ক্লিন শিট রেখেছেন ভোজিনহা। স্পেনের বিপক্ষে তিনি সাতটি দুর্দান্ত সেভ করে দলের জন্য মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন। উরুগুয়ের বিপক্ষে দুই গোল হজম করলেও কেপ ভার্দে ২-২ সমতায় ম্যাচ শেষ করে। সৌদি আরবের বিপক্ষে আরও তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। সব মিলিয়ে তিন ম্যাচে ১০টি সেভ ও দুটি ক্লিন শিট নিয়ে নকআউট পর্বে পা রেখেছেন এই গোলরক্ষক।
অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও গ্রুপ পর্বে দুটি ক্লিন শিট রেখেছেন। তবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগের কারণে তাকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। তিন ম্যাচে প্রতিপক্ষ তার দিকে মাত্র দুটি শট অন টার্গেট নিতে সক্ষম হয়। অস্ট্রিয়ার বিপক্ষে একটি সেভ করেন মার্টিনেজ, আর জর্ডানের বিপক্ষে একমাত্র গোলটি হজম করেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে তার কোনো সেভই করতে হয়নি।
পরিসংখ্যানের দিক থেকে ভোজিনহার সেভের সংখ্যা অনেক বেশি হলেও সেটি এসেছে প্রতিপক্ষের আক্রমণের চাপ সামলে। অন্যদিকে মার্টিনেজের সামনে সুযোগ কম এলেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তাই দুই গোলরক্ষকের পারফরম্যান্সের সরাসরি তুলনা করা সহজ নয়।
এবারের ম্যাচে ভোজিনহার জন্য অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা। স্পেনের আক্রমণ সামলে প্রশংসা কুড়ানো এই গোলরক্ষককে এবার ঠেকাতে হবে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও আর্জেন্টিনার গতিময় আক্রমণভাগকে। অন্যদিকে মার্টিনেজের লক্ষ্য থাকবে নিজের জাল অক্ষত রেখে দলকে শেষ ষোলো নিশ্চিত করা।
শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবেন অভিজ্ঞ বিশ্বচ্যাম্পিয়ন মার্টিনেজ, নাকি টুর্নামেন্টের নতুন আবিষ্কার ভোজিনহা তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।
আরটিভি/এসকে



