গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে লড়াকু পারফরম্যান্স দেখিয়েও সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। একই দিনে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি দেশের অন্যতম সেরা স্প্রিন্টার শিরিন আক্তারও।
পুরুষদের ১০০ মিটারের প্রথম রাউন্ডের নবম হিটে দুই নম্বর লেন থেকে দৌড় শুরু করেন ইমরানুর। তিনি ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। তার রিঅ্যাকশন টাইম ছিল ০.১৫৪ সেকেন্ড এবং দৌড়ের সময় বাতাসের গতি ছিল +০.৯ মিটার/সেকেন্ড।
এই হিটে ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ত্রিনিদাদ ও টোবাগোর ও. লুইস। ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ডসের আর. ব্রাথওয়েট ১০.৩৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। ইমরানুর মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে তৃতীয় হয়ে সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ হারান।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে প্রতিনিধিত্ব করে আসা ইমরানুরের কাছ থেকে এবারও ভালো কিছুর প্রত্যাশা ছিল। তবে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিটে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেননি তিনি।
অন্যদিকে, নারীদের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডের সপ্তম হিটে তৃতীয় লেনে দৌড় শুরু করেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার শিরিন আক্তার। তার রিঅ্যাকশন টাইম ছিল ০.২০৮ সেকেন্ড এবং তিনি ১২.৩৯ সেকেন্ড সময় নিয়ে হিটের সর্বশেষ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন।
শিরিন নিজের ব্যক্তিগত সেরা সময় ১১.৯৯ সেকেন্ডের ধারেকাছেও যেতে পারেননি। ফলে প্রথম রাউন্ড থেকেই শেষ হয়ে যায় তার গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের অভিযান।
একই দিনে বাংলাদেশের দুই স্প্রিন্টারের বিদায়ে অ্যাথলেটিকসে দেশের সম্ভাবনার অধ্যায়ও শেষ হয়ে যায়।
আরটিভি/এসকে



